জিম্মার শর্ত ভঙ্গ, ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ আবার বন বিভাগের হেফাজতে
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২৩:০৫
জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতিকে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটিকে হেফাজতে নেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে হেফাজতে নেওয়া হয়। গত ১২ আগস্ট গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক দুই ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছিল হাতি দুটিকে। তবে পরবর্তীতে জিম্মাগ্রহীতারা নির্ধারিত শর্ত যথাযথভাবে পালন করছেন না বলে মন্ত্রীর নজরে আসে।
বিষয়টি জানার পর হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটি পুনরায় নিজেদের হেফাজতে নেন।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বন্যপ্রাণীর কল্যাণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্যপ্রাণী জিম্মায় দেওয়া হলে নির্ধারিত শর্ত পালনে ব্যত্যয় ঘটলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগ জানায়, ‘নিহার কলি’ নামের মাদি হাতিটিকে মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকা থেকে এবং ‘সম্রাট বাহাদুর’ নামের পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়েছে।
বর্তমানে হাতি দুটিকে বন বিভাগের তত্ত্বাবধানে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করবেন। এরপর নির্ধারিত শেডে স্থানান্তর করে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
- বিষয় :
- হাতি