ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি
×

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ০৮:৫৮

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা সংকট নিছক একটি মানবিক বিষয় নয়। এটি একই সঙ্গে মানব নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক দ্বন্দ্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি। পরিকল্পনাহীনভাবে গ্রহণ করা এই দায় গত ৯ বছরে বাংলাদেশের জন্য এক বোঝায় পরিণত হয়েছে।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জ: আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আইএসপিআর জানায়, উপদেষ্টা কক্সবাজার ও ভাসানচরের ৩৩টি ক্যাম্পে অবস্থানরত প্রায় ১১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার নিরাপত্তা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, সেখানে ৬ থেকে ১১টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, মাদক পাচার অব্যাহত, ২০১৭ সাল থেকে দুই হাজারের বেশি মামলা হয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের ৯০ ভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রতি সংগঠনটির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে মানবিক দায়বদ্ধতা, জাতীয় স্বার্থ এবং নিরবচ্ছিন্ন কূটনৈতিক সম্পৃক্ততার সমন্বয়ে রোহিঙ্গা ইস্যুতে অগ্রসর হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি সরকারের ছয় দফা পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে– জাতিসংঘ, আসিয়ান, ওআইসি, চীন, ভারতসহ গুরুত্বপূর্ণ অংশীজনের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিকীকরণ; চীন ও ভারতের মধ্যে কৌশলগত ভারসাম্য রক্ষা; মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে দ্বৈত পর্যায়ের সম্পৃক্ততা; ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা; পূর্ব সীমান্তে বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং আসিয়ান-ওআইসিকে যুক্ত করে একটি আঞ্চলিক কাঠামো গঠনে নেতৃত্ব দেওয়া।
 

আরও পড়ুন

×