আইসিইউতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি, সহায়তা চায় পরিবার
শিশু মাহি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৫:০১
বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে মেতে থাকার কথা দুরন্ত শৈশবে, সেই বয়সে নুসরাত জাহান মাহি লড়ছে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে। শরীরে দুরারোগ্য ব্যাধি নিয়ে মাহি এখন বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি।
এর আগে ঢাকার পিজি হাসপাতাল নামে পরিচিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ও অনকোলজি বিভাগে (১৫ তলা, ওয়ার্ড নং-১৫১১, বেড- এফপি-৪০) চিকিৎসাধীন ছিল সে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মাহির বাবা মোহাম্মদ মিন্টু ইসলাম পেশায় একজন অটোচালক। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের পক্ষে ক্যান্সারের মতো অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার দীর্ঘমেয়াদি খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
চরম আর্থিক সংকটের কারণে বর্তমানে তার চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে মাহির জন্য সহায়তা চেয়ে সংবাদ প্রকাশের পর তার পরিবার প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকার সহায়তা পেয়েছে। কিন্তু শিশুটির চিকিৎসা ব্যয় মেটাতে বর্তমানে অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন।
চিকিৎসার অর্থের অভাবে যেন থমকে না যায় ফুটফুটে মাহির জীবন। সামান্য সহযোগিতাই পারে এই ছোট্ট শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে। সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।
মাহির চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার বাবার নম্বরে– ০১৭৯৯-১৮৪৬০০ (বিকাশ ও নগদ)। সাহায্য করা যাবে ব্যাংক অ্যাাকাউন্টেও। অ্যাকাউন্ট নং- ০২৩০০০৩৪৮০৮১১, আইএফআইসি ব্যাংক। অ্যাকাউন্টধারী শিশুটির মা হাবিবা আকতার। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- ক্যান্সার আক্রান্ত
- ক্যান্সার
- শিশু
- আইসিইউ