ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ পেলেন বেলাল হোসেন

এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ পেলেন বেলাল হোসেন
×

বেলাল হোসেন। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৬:১৮

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে মো. বেলাল হোসেনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মো. বেলাল হোসেনকে তাঁর অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বেলাল হোসেন এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও কাজের দক্ষতার ধারাবাহিকতায় সরকার তাঁকে পুনরায় এ পদে নিয়োগ দিয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন

×