উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসির ফল প্রকাশ, পাস ৬৩.৭৪ শতাংশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২১:৫৭
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।
চলতি বছর বাউবির অধীন এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৩০ হাজার ৮১৬ জন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন সাত হাজার ৬৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চার হাজার ৭২৫ জন ছাত্র এবং দুই হাজার ৯৩৯ জন ছাত্রী।
আজ বিকেলে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহামুদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। এ কারণে মাত্র ৪৯ দিনে এবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। আগামীতে আরও দ্রুত সময়ে ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- এসএসসি পরীক্ষার্থী