ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সেনাপ্রধান বললেন

অস্ত্র উৎপাদন করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব

অস্ত্র উৎপাদন করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব
×

ওয়াকার-উজ-জামান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:২৯

| প্রিন্ট সংস্করণ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘অস্ত্র উৎপাদন করে শুধু নিজেদের চাহিদা মেটানো নয়, আমরা এটিকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাই। এ শিল্প থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।’ 

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে দীর্ঘদিন বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের সম্প্রসারিত অংশে দেশের দ্বিতীয় প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন কারখানা স্থাপনের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, এটি পাহাড়বেষ্টিত এলাকা। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর প্রভাব যাতে বাইরে না পড়ে, সেদিক বিবেচনায় জায়গাটি খুবই নিরাপদ। এ ছাড়া এটি চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের নিরাপত্তার জন্যও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
সেনাপ্রধান আরও বলেন, ‘আমরা যা কিছু ফায়ারিং করব, সবই উৎপাদন করব। এই কারখানা থেকে আমাদের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সমরাস্ত্র বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।’ 
সাভারে পৃথক অনুষ্ঠানে সেনাপ্রধান 

কোর অব মিলিটারি পুলিশ বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন পৃথকভাবে অনুষ্ঠিত হয়। সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিঅ্যান্ডএস) ও রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে এটি হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আরও পড়ুন

×