মালয়েশিয়ায় শ্রমবাজার
তালিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে চার দেশের এজেন্সি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:৫২ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ | ১১:০৪
| প্রিন্ট সংস্করণ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেট, একচেটিয়া নিয়ন্ত্রণ ও সীমিতসংখ্যক এজেন্সিকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিয়েছে চার দেশের সংগঠনগুলো। একই সঙ্গে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ, স্বচ্ছতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
বিবৃতিতে স্বাক্ষর করেন নেপাল অ্যাসোসিয়েশন অব ফরেন এমপ্লয়মেন্ট এজেন্সির (এনএএফইএ) সভাপতি দিক বাহাদুর খত্রি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজ উল ইসলাম, মিয়ানমার ওভারসিজ এমপ্লয়মেন্ট এজেন্সিজ অ্যাসোসিয়েশনের (এমওইএএ) চেয়ারম্যান মিয়ো থান্ট এবং পাকিস্তান ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রমোটারস অ্যাসোসিয়েশনের (পিওইপিএ) চেয়ারম্যান সাইয়েদ রহমত আলি শাহ।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য গত ২১ আগস্ট ২৫টি এজেন্সির তালিকা প্রকাশ করে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। তবে আগে থেকেই বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন বায়রার একাংশের নেতারা। তারা বলছেন, সীমিতসংখ্যক এজেন্সিকে সুযোগ দেওয়া হলে ফের সিন্ডিকেট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
চার দেশের সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, তারা ডিজিটাইজেশন, স্বচ্ছতা, দক্ষতা এবং দায়িত্বশীল নিয়োগব্যবস্থাকে পুরোপুরি সমর্থন করে। তবে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা নিয়োগব্যবস্থা যেন অভিবাসী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে একচেটিয়া বা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ তৈরির মাধ্যম হয়ে না ওঠে, তা নিশ্চিত করতে হবে।
এতে বলা হয়, ‘সীমিত সংখ্যক সংস্থাকে অগ্রাধিকারমূলক বা একচেটিয়া প্রবেশিকার দিলে তা ন্যায্য প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং নৈতিক নিয়োগের নীতিগুলোকে দুর্বল করতে পারে। নিয়োগকর্তা ও অভিবাসী শ্রমিক উভয়ের জন্য সম্ভাব্য ব্যয় বৃদ্ধি এবং পছন্দগুলো সীমাবদ্ধ করতে পারে। তাই মালয়েশিয়া সরকার এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে এফডব্লিউসিএমএস নিয়োগব্যবস্থা পর্যালোচনা করার জন্য শ্রদ্ধার সঙ্গে আহ্বান জানাচ্ছি।’
চার দেশের সংগঠনগুলোর দাবি– কোনো নিয়োগে একচেটিয়া বা সিন্ডিকেট তৈরি করা যেন না হয়। যোগ্য এবং লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী সব সংস্থার প্রতি যেন ন্যায্য এবং স্বচ্ছভাবে আচরণ করা হয়। নিয়োগের সুযোগগুলো যেন উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা হয়। অভিবাসী শ্রমিকদের স্বার্থ, অধিকার এবং কল্যাণের বিষয়ে যেন অগ্রাধিকার দেওয়া হয়। কর্মী প্রেরণকারী দেশগুলো থেকে স্বীকৃত নিয়োগকারী সংস্থাগুলোর উদ্বেগ আমলে নিয়ে যেন সমস্যার সমাধান করা হয়।
চার দেশের এজেন্সিগুলোর সমিতির নেতারা বলেন, এটি মালয়েশিয়ার বিরুদ্ধে অবস্থান নয়, ডিজিটাল নিয়োগের বিরুদ্ধেও নয়। স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ নিশ্চিত করা এবং একচেটিয়া নিয়োগ প্রক্রিয়া থেকে মুক্তির জন্য এটি সম্মিলিত আহ্বান।
- বিষয় :
- শ্রমবাজার