ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৮:৫৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে অবৈধ ও লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী, চাঁদাবাজি ধরার জন্যও আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। 

শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

এ কার্যক্রম গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে পরিচালনা করা হবে জানান মন্ত্রী। তিনি বলেন, কার্যক্রম জোরদার করার জন্য আমরা আজকে আরও পরামর্শ দিয়েছি। কিছু কৌশল প্রণয়ন করেছি। যেটা এখানে আমার বলা ঠিক হবে না।

সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

সভায় সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে পুলিশকে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই সে সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ দেশের জন্য ও জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্মেলনে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের দেশের সার্বিক অপরাধ চিত্র উপস্থাপন করেন। সভায় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত ও বিচারের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত বাড়ানোর পাশাপাশি পুলিশ আক্রান্ত মামলার তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। 

সভায় পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল, সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, এটিইউ প্রধান মো. রেজাউল করিম, র‍্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ এবং এসবি প্রধান সরদার নুরুল আমিন নিজ নিজ ইউনিট সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা এতে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে পুলিশ সপ্তাহ ২০২৬ পালনকালে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ পরিয়ে দেন আইজিপি।

আরও পড়ুন

×