অ্যাকুয়ারিয়ামের সবুজ সৌন্দর্য
কিশোরগঞ্জের নেহাল গ্রিন পার্কে মেক্সিকান সোর্ড প্লান্ট (ছবি-লেখক)
চয়ন বিকাশ ভদ্র
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ০৮:৪১
অ্যাকুয়ারিয়াম কিংবা ওয়াটার গার্ডেনের সৌন্দর্য বাড়াতে জলজ উদ্ভিদের জুড়ি নেই। সৌন্দর্যপ্রেমী ও অ্যাকুয়ারিয়াম অনুরাগীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জলজ উদ্ভিদ হলো মেক্সিকান সোর্ড প্লান্ট। এর বৈজ্ঞানিক নাম Echinodorus palifolius. এটি Alismataceae পরিবারের বিরুত জাতীয় উদ্ভিদ।
এটি প্রধানত দক্ষিণ আমেরিকা ও মেক্সিকো অঞ্চলের জলাশয়, জলাভূমি এবং অগভীর নদীতীরে প্রাকৃতিকভাবে জন্মে থাকে। রূপ, গঠন এবং লালন-পালনের সহজের কারণে বিশ্বজুড়ে কৃত্রিম জলজ পরিবেশে এর ব্যাপক ব্যবহার দেখা যায়। চলতি বছরের ৪ এপ্রিল প্রকৃতিতে তখন চৈত্রের তাপদাহ, ওই সময়েই গিয়েছিলাম কিশোরগঞ্জের নেহাল গ্রিন পার্কে। এখানেই এই উদ্ভিদের দেখা পাই।
মেক্সিকান সোর্ড প্লান্টের বাহ্যিক গঠন একে অন্যান্য জলজ উদ্ভিদ থেকে আলাদা ও দৃষ্টিনন্দন করে তোলে। এর পাতাগুলো দেখতে অনেকটাই প্রাচীন তলোয়ার বা বল্লমের ফলার মতো লম্বাটে ও চওড়া। পাতাগুলো গাঢ় সবুজ থেকে হালকা সবুজ রঙের হয়ে থাকে। অ্যাকুয়ারিয়ামের তরল পুষ্টি এবং আলোর মাত্রার ওপর নির্ভর করে পাতার রঙের গভীরতা কিছুটা পরিবর্তিত হতে পারে।
জলজ পরিবেশে এই উদ্ভিদটি সাধারণত ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। তবে পানির উপরিভাগে চলে এলে বা খোলামেলা পরিবেশে এটি প্রায় ৫০ সেন্টিমিটার বা তার চেয়েও বেশি লম্বা হতে পারে। মেক্সিকান সোর্ড প্লান্টের একটি অনন্য বৈশিষ্ট্য হলো, এটি পানির নিচে এবং পানির ওপরে দুই অবস্থাতেই খাপ খাইয়ে নিতে পারে। পানির ভেতরের পাতাগুলো কিছুটা পাতলা ও কোমল হয়, অন্যদিকে পানির ওপরে বেড়ে ওঠা পাতাগুলো কিছুটা শক্ত ও চামড়ার মতো পুরু হয়। দ্রুত বৃদ্ধির কারণে পাতা বেশি বড় হয়ে পানির ওপর চলে গেলে নিচের ছোট গাছের আলো আটকে যেতে পারে। তাই নিয়মিত পুরোনো পাতা ছাঁটাই করা উচিত।
পর্যাপ্ত আলো ও অনুকূল পরিবেশ পেলে এটি পানির ওপর লম্বা কাণ্ড প্রসারিত করে এবং সেখানে ছোট ছোট সুন্দর সাদা রঙের তিন পাপড়িবিশিষ্ট ফুল ফোটে। এই গাছটি লালন-পালন করা অত্যন্ত সহজ, যা শিক্ষানবিশদের জন্য একদম উপযুক্ত। মাঝারি থেকে তীব্র আলোতে এটির সবচেয়ে ভালো বাড়ে। গাছের মূল বা শিকড়ে আয়রনসমৃদ্ধ পুষ্টি সাবস্ট্রেট দিলে এর বৃদ্ধি ত্বরান্বিত হয়।
মেক্সিকান সোর্ড প্লান্ট শুধু অ্যাকুয়ারিয়ামের দৃষ্টিনন্দন সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জলজ বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক বন বা জলাভূমির আবহ তৈরি করতে এবং অ্যাকুয়ারিয়ামের ফাঁকা জায়গা ভরাট করতে অতুলনীয় সৌন্দর্য যোগ করে। জলজ পরিবেশ থেকে ক্ষতিকর অ্যামোনিয়া, নাইট্রাইট এবং অতিরিক্ত নাইট্রোট শোষণ করে এটি পানির গুণগত মান রক্ষা করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন সরবরাহ করে, যা মাছের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
এর চওড়া ও লম্বা পাতাগুলো ছোট মাছ, মাছের পোনা এবং চিংড়ির জন্য চমৎকার লুকানোর জায়গা ও আশ্রয় প্রদান করে। পানিতে বিদ্যমান অতিরিক্ত পুষ্টি শোষণ করে নেওয়ায় এটি ক্ষতিকর শেওলার অনাকাঙ্ক্ষিত বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে। জলজ প্রকৃতির চমৎকার নিদর্শন মেক্সিকান সোর্ড প্লান্ট যে কোনো কৃত্রিম জলাশয় বা অ্যাকুয়ারিয়ামকে সজীব ও প্রাণবন্ত করে তুলতে অনন্য। মেক্সিকান সোর্ড প্লান্ট কেবল অ্যাকুয়ারিয়ামের সাজসজ্জাই বাড়ায় না, বরং এটি জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য একটি সুস্থ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করে।
লেখক: উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক ও প্রকৃতিবিষয়ক লেখক
- বিষয় :
- অ্যাকুয়ারিয়াম
- উদ্ভিদ
- প্রকৃতি