আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: জাতীয় নারী শক্তি
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২০:০৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ২০:২২
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নারী শক্তি। সংগঠনটির আহ্বায়ক মনিরা শারমিন বলেছেন, এ সময়ে রাজনৈতিক সহিংসতা, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ছিনতাই-ডাকাতির ঘটনা বেড়েছে। এসব অপরাধের নেপথ্যে মাদকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ছিনতাই-ডাকাতি ও হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তি এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে মনিরা শারমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলে সত্যিকার অর্থে জনগণের অবস্থা দেখতে হবে। জনবিচ্ছিন্ন বক্তব্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা যাবে না। মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, গত ১৮০ দিনে দেশে প্রায় ৪০০ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে এবং এতে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। নারী ও শিশু নির্যাতনের মাত্রাও কমেনি, বরং বেড়েছে। ছিনতাই-ডাকাতির ঘটনা এমনভাবে বেড়েছে যে মানুষ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছে।
রনজিলা পারভীন নিহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বগুড়া থেকে ঢাকায় চিকিৎসা করাতে এসে একজন নারী শিক্ষিকা ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন। ছিনতাই ও রাহাজানির পেছনে মাদকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ফলে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তরুণদের মাদক থেকে ফেরাতে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এমনকি রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে তেমন কোনো কার্যকর বক্তব্য নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রকৃত তথ্য জানেন না দাবি করে মনিরা শারমিন বলেন, বিভিন্ন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে বক্তব্য দেন। কিন্তু বাস্তবে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে, সে বিষয়ে তাঁর কাছে যথাযথ তথ্য-উপাত্ত নেই। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। সরকারকে নাগরিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তারা আশা করেছিলেন, দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। কিন্তু রাজনৈতিক সহিংসতায় এখনও মানুষ মারা যাচ্ছে। গত ১৮০ দিনে সরকারদলীয় লোকজনের মধ্যে সহিংসতার ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি জ্বালানি সংকট নিয়েও কথা বলেন।
রনজিলা হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে
এদিকে বগুড়ার গাবতলীর বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন নিহতের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রনজিলা চোখের চিকিৎসার জন্য গত শনিবার ভোরে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন। গাবতলীতে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে তারা ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী রনজিলার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে র্যাব-২-এর হাতে গ্রেপ্তার মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি এবং তাঁর সহযোগী সেড্রিককে গতকাল শেরেবাংলা নগর থানার পুলিশ আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম সমকালকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
- বিষয় :
- স্বরাষ্ট্রমন্ত্রী
- ছিনতাইকারী চক্র