ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নগরকে শুধু পরিচ্ছন্ন নয়, পরিবেশবান্ধবও করতে হবে: মঈন খান

নগরকে শুধু পরিচ্ছন্ন নয়, পরিবেশবান্ধবও করতে হবে: মঈন খান
×

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২১:১০

ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। নগরকে শুধু পরিচ্ছন্ন নয়, নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে খালের সীমানা নির্ধারণ ও খনন, বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন, বর্জ্য অপসারণ এবং ময়লার বিন প্রতিস্থাপন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মঈন খান বলেন, দিনের বেলায় রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে থাকলে নগরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই রাতে বর্জ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

ঢাকার সৌন্দর্যবর্ধন ও সবুজায়নে সড়কের দুই পাশে বারোমাসি ফুলের চারা রোপণের পরামর্শ দিয়ে তিনি বলেন, নগরকে শুধু পরিচ্ছন্ন করলেই হবে না, এটিকে নান্দনিক ও পরিবেশবান্ধব হিসেবেও গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশন দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, সবুজায়ন, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও ট্রাফিক ব্যবস্থাপনায় সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমে প্রচারের মাধ্যমে পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ঢাকা মহানগরীর চলমান উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। এতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯টি খালের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খালগুলোর সীমানা চিহ্নিতকরণও চলছে। পাশাপাশি দুই সিটি করপোরেশনেই সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সভায় আরও জানানো হয়, ঢাকার মিয়াওয়াকি আরবান ফরেস্টে ইতোমধ্যে রাতে জোনাকির উপস্থিতি দেখা যাচ্ছে, যা পরিবেশ উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম চলমান কার্যক্রমে সংশ্লিষ্টদের প্রচেষ্টার প্রশংসা করে কাজে আরও গতি আনার তাগিদ দেন। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করছেন উল্লেখ করে তিনি বাস্তবভিত্তিক সমাধান, কাজের আগে ও পরের তুলনামূলক চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেন। এসব তথ্য পরে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×