বিপ্লব বড়ুয়াসহ পরিবারের ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিপ্লব বড়ুয়া। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২৩:৩৮
আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া তার স্ত্রী সোমা বড়ুয়াসহ এই পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ এই আদেশ দিয়েছেন।
রোববার আদেশটি দেওয়া হলেও গণমাধ্যমে জানানো হয় সোমবার।
আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী বিপ্লব বড়ুয়া, স্ত্রী সোমা বড়ুয়া, ভাই বিদ্যুৎ বড়ুয়া (ডাক্তার) ও তার স্ত্রী অগ্নি বড়ুয়ার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে গোপন সূত্রে জানতে পেরেছে দুদক। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
এছাড়া গত রোববার ঢাকার মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটির ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- দেশত্যাগে নিষেধাজ্ঞা