১৭ হাজার কর্মীকে মালয়েশিয়ায় যেতে অগ্রাধিকারের নির্দেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৯
| প্রিন্ট সংস্করণ
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির শিকার হয়ে যারা যেতে পারেননি, সেই ১৭ হাজার ৭৭৭ জন কর্মীকে সরকারের নতুন ‘জিরো-কস্ট স্কিমে’ (বিনা খরচে) অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রতিকার চেয়ে হাইকোর্টে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এই আদেশ দেন আদালত।
শুনানি শেষে আদালত এই মামলাটি আগামী চার মাসের জন্য ‘স্ট্যান্ড ওভার’ (মুলতবি) রেখেছেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সরকারকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ বা বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলেছেন। এদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে একটি ‘এফিডেভিট-ইন-কমপ্লায়েন্স’ বা বাস্তবায়ন হলফনামা দাখিল করা হয়। এতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে যেসব রিক্রুটিং এজেন্সি অনিয়মের সঙ্গে জড়িত এবং যারা কর্মী পাঠাতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে গৃহীত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করা হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দায়ের করা রিট মামলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিবেদন দাখিল করেছে।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে চিহ্নিত ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় তারা চরম আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিপুলসংখ্যক মানুষের অধিকার ও ক্ষতির বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। এর প্রেক্ষিতে আদালত নির্দেশ দেন যে, সরকারের ঘোষিত এই ১০ হাজার কর্মীর কোটায় ওই ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৭৭৭ জন কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর সুযোগ দিতে হবে।
- বিষয় :
- মালয়েশিয়া