ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিমানমন্ত্রী বললেন

ট্রাম্পের আবদার রক্ষায় ১৪ বোয়িং কেনা হচ্ছে

ট্রাম্পের আবদার রক্ষায় ১৪ বোয়িং কেনা হচ্ছে
×

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

 নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৫

| প্রিন্ট সংস্করণ

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্পের (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) একটি আবদার ছিল– তাদের বোয়িংগুলো যেন ব্যবহার করা হয়। আমরা সেগুলো কিনছি এবং ব্যবহার করছি। আমরা ১৪টি বোয়িং ক্রয় করছি এবং আরও কিছু বিমান লিজে নেওয়া হবে। পাশাপাশি ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানিতে তৈরি এয়ারবাসও কেনা হচ্ছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা সব দিক থেকেই সক্ষমতা বাড়াব।’ গতকাল সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী সতর্ক করে বলেন, ‘শেখ হাসিনা যেভাবে দেশ থেকে বিদায় নিয়েছেন, তা থেকে আমরা যদি শিক্ষা না নেই, তবে সবার পরিণতি খারাপ হবে। বিগত সময়ে যা ঘটেছে, আমরা কেউ কোনোভাবেই তার পুনরাবৃত্তি করতে চাই না।’ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন-সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী দৈনিক ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি পারলে আমরা কেন পারব না? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ঢিলেঢালা মনোভাব নিয়ে আর চাকরি করা যাবে না। মন থেকে ওই সব মানসিকতা বাদ দিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করুন; আর যারা কাজ করতে চান না, তারা চাকরি ছেড়ে চলে যান। কাজে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×