সীমান্তে হত্যা ও চোরাচালান
কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গতকাল সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে- পিআইডি
বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৬
| প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদক পাচার, পুশইন ও সীমান্তে হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির কাজের প্রশংসা করেছেন।
গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তে চোরাচালান, পাচার বন্ধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
- বিষয় :
- সীমান্তে হত্যা