ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য সীমান্ত পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

পার্বত্য সীমান্ত পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
×

‘রহমতপুর বিওপি’ উদ্বোধনের সময়  বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৯

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ নবনির্মিত ‘রহমতপুর বিওপি’ উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের  (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার এই পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি।

বিওপি উদ্বোধনকালে মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ফেনী নদীর অববাহিকা ও পার্বত্য ভূপ্রকৃতির কারণে রহমতপুর সীমান্ত এলাকা ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ এলাকায় বিজিবির স্থায়ী উপস্থিতি ও নজরদারি জোরদারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত হবে। নতুন এই বিওপি প্রতিষ্ঠার ফলে ফেনী নদীপথ ও দুর্গম পাহাড়ি এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি, চোরাচালানের সম্ভাব্য রুট নিয়ন্ত্রণ এবং মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিওপি উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) পরিদর্শন করেন এবং চট্টগ্রাম বিজিবি রিজিয়নের আওতাধীন সকল সেক্টর, ব্যাটালিয়ন, বিওপি ও ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে মতবিনিময় করেন। এ সময় তিনি বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক দুর্গম পার্বত্য অঞ্চলসহ দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের দক্ষতা, সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি মাদক, অস্ত্র ও অবৈধ পণ্যের চোরাচালান, অবৈধভাবে সার মজুদ ও পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নভেম্বর থেকে সার্বিক প্রস্তুতি নির্দেশ দেন।

পরে বিজিবি মহাপরিচালক জামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধীনস্থ বগাপাড়া বিওপি ও রাঙ্গামাটি সেক্টরের অধীনস্থ রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) পরিদর্শন করেন এবং দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের দায়িত্ব ও সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় বিজিবির বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×