ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি
×

আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫০

শুধু পুলিশ বা সাংবাদিক নয়; দেশের সবখানেই ‘ষড়যন্ত্রকারী’ আছে মন্তব্য করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, আপনারা জানেন, যখনই আমরা কোনো অন্যায়-অবিচার-দুর্নীতির বিরুদ্ধে কাজ করি, তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। এগুলো ইয়েলো সাংবাদিকতা।

সাংবাদিকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, সাংবাদিকদের বলব, আপনারা এর বিরুদ্ধে দাঁড়ান। আপনাদের দুয়েকজন যেমন আছেন, আমাদের পুলিশেও আছে খারাপ লোক। আমি একবার বলেছিলাম যে, আমাদের এক শতাংশ লোকও খারাপ না। এটা নিয়ে মিডিয়াতে বলা শুরু হলো যে, আমি পুলিশকে জায়েজ করছি।

‘আমি অ্যানালাইসিস দিয়ে বলেছি, কয়েকজন লোকের কারণে কেন পুরো পুলিশ বাহিনীর দুর্নামের দায় নেবে। আমি বলব, আপনারা সঠিক জিনিসটা; মানে আমি অপরাধ করে থাকলে সেটাই বলেন। কিন্তু অপবাদ-গুজব দিয়ে একজনের মনোভাব নষ্ট করা—এটা নিয়ে ষড়যন্ত্র আছে,’ যোগ করেন তিনি।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, আসুন, ষড়যন্ত্রকারীদের আমরা চিহ্নিত করি। আপনাদের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে, আমাদের ভেতরেও আছে। সারা বাংলাদেশে আছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে আসুন সবাই মিলে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’

জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। তেমনি জামিনে বেরিয়ে এসে ছিনতাই করতে গিয়ে একজন শিক্ষককে মেরে ফেলা হলো। এই বিষয়গুলো প্রতিরোধ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কারণ, এক হাজার জনগণের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে। যার কারণে সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে আইন প্রয়োগ করা দরকার।

আইজিপি আরও বলেন, পুলিশকে জনবান্ধব হতে হবে। জুলাই বিপ্লবের পর পুলিশ যেখানেই যাচ্ছে না কেন, প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। কেন? পুলিশ তো একটা বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ার জন্য, অন্যায়–অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পুলিশ কাজ করতে না পারলে সমাজে কী ধরনের বিশৃঙ্খলা হয়, সেটি অতীতে দেখা গেছে।

মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘একজন সন্তান মাদকে জড়িয়ে পড়লে শুধু তার নিজের জীবনই নষ্ট হয় না, পুরো পরিবারকে খেসারত দিতে হয়। পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করার সময় এমন ঘটনাও দেখেছি, যেখানে মাদকের টাকা না দেওয়ায় সন্তান নিজের বাবাকেই মারধর করে আহত করেছে।’ তিনি বলেন, এ জন্য খারাপ কাজে জড়িত না হতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। দেশকে সুন্দর ও শান্তিময় করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

×