ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

স্মৃতিতে অম্লান হারুন-আর-রশিদ: স্মরণসভায় বক্তারা

স্মৃতিতে অম্লান হারুন-আর-রশিদ: স্মরণসভায় বক্তারা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৯

বীর মুক্তিযোদ্ধা ড. হারুন-আর-রশিদ প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। এতে বক্তারা বলেন, হারুন-আর-রশিদ স্মৃতিতে অম্লান। তিনি ছিলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি। তিনি সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা পালন করেছিলেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রাণপুরুষ হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।

শনিবার বিকেল ৫টায়, রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ সভাটি। 

হারুন-আর-রশিদ স্মরণসভা কমিটির আহ্বায়ক হাজী মো. সামসুল হক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা মুনীর মোরশেদ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (ব্যাচ-১৯৮২) রেজাউল করিম তুহিন। স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ কনক, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী (ব্যাচ-১৯৯০) মনির শিকদার, প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদুজ্জামান (ব্যাচ-১৯৭২), প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস (ব্যাচ-১৯৭০), প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোখলেস আলম দপ্তরী (ব্যাচ-১৯৬৯), সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মানিক (ব্যাচ-১৯৮১), প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান (ব্যাচ-১৯৬৯), বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন (ব্যাচ-১৯৬৯), প্রাক্তন শিক্ষার্থী (ব্যাচ-১৯৮২) মো. শাহিন টিটো এবং প্রাক্তন শিক্ষার্থী (ব্যাচ-১৯৭২) শাহ কামাল ঢালী।

বক্তারা তাদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড. হারুন-আর-রশিদের কর্মজীবন, মুক্তিযুদ্ধের চেতনায় তাঁর ভূমিকা এবং ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির প্রতি তাঁর অপরিসীম অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা বলেন, বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে হারুন-আর-রশিদের ভূমিকা ছিল অনন্য। তাঁর সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা ও নেতৃত্বের কারণে প্রাক্তন ছাত্র সমিতি আরও সুসংগঠিত ও প্রাণবন্ত হয়ে উঠেছিল।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। পরে প্রয়াত ড. হারুন-আর-রশিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণা পর্ব শেষে বীর মুক্তিযোদ্ধা ড. হারুন-আর-রশিদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন

×