হাফিজুরকে অপরাধী হিসেবে উপস্থাপন না করার আহ্বান
সোহাগী জাহান তনু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩২
| প্রিন্ট সংস্করণ
আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমানকে অপরাধী হিসেবে উপস্থাপন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে হাফিজুর রহমানের পরিবারের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সরোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে হাফিজুরের স্ত্রী রওশন আরা লিপি ও তাঁর তিন সন্তান উপস্থিত ছিলেন।
২০১৬ সালের মার্চে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে হত্যা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে। এ ঘটনায় করা হত্যা মামলার গত ২১ এপ্রিল অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরোয়ার হোসেন জানান, ২০১৬ সালের ১৩ ও ১৮ মার্চ তনুর সঙ্গে হাফিজুরের ফোনে যোগাযোগের বিষয়কে কেন্দ্র করে গত ২১ এপ্রিল তাঁকে বাসা থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশে তাঁর ডিএনএ নমুনা নেওয়া হয়। ২৪ জুন আদালতে দাখিল করা প্রতিবেদনে তনুর মরদেহ থেকে পাওয়া আলামতের সঙ্গে তাঁর ডিএনএর মিল পাওয়া যায়নি। গত ২ আগস্ট হাইকোর্ট তাঁকে জামিন দেন। ৬ আগস্ট আপিল বিভাগ জামিন স্থগিত করলে ৭ আগস্ট হাফিজুর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনের পর মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলামের কাছ জানতে চাইলে তিনি সমকালকে বলেন, ‘তদন্তাধীন বিষয়ে কিছু বলতে চাই না। তবে আসামির ডিএনএ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে আসামি হাফিজুরকে আবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
- বিষয় :
- তনু হত্যা