ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বৈধতা নিয়ে করা রিট খারিজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বৈধতা নিয়ে করা রিট খারিজ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১২

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ সাইফুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন। ফলে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ বৈধই থাকল। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। গভর্নরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরিয়ে দেওয়া সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গত ৫ মার্চ এ রিট দায়ের করেন। রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক (পক্ষে গভর্নর) এবং গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়।

রিট আবেদনে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নরের নিয়োগ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে নিয়োগ ও অপসারণের পৃথক গেজেটের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। পরে আইনজীবী মামুন জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। 

২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়ার পর তার নেতৃত্বে শুরু হয় ব্যাংক খাতের সংস্কারের কাজ। আগামী ২০২৮ সালের আগস্টে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ ও আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।

আরও পড়ুন

×