ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারি ব্যবস্থাপনার হাজিরা টাকা ফেরত পাচ্ছেন

সরকারি ব্যবস্থাপনার হাজিরা টাকা ফেরত পাচ্ছেন
×

মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৭ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৭

সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে যারা হজ করেছেন, তাদের খরচ না হওয়া টাকা ফেরত দিচ্ছে সরকার। সৌদি আরবে বাড়ি ভাড়া নির্ধারিত বরাদ্দের চেয়ে কম হওয়া এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন সার্ভিস চার্জ কমানোয় এ অর্থ সাশ্রয় হয়েছে। এতে সরকারি ব্যবস্থাপনার চার হাজার ৩৪১ জন হাজি মোট চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত পাবেন। কোনো কোনো হাজি সর্বোচ্চ এক লাখ ৬৪ হাজার টাকা ফেরত পাবেন।

আজ রোববার সকালে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

অনুষ্ঠানে ১০ জন হাজির হাতে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়। অন্য হাজিদের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
ধর্মমন্ত্রী বলেন, হাজিদের স্বার্থে সরকারের এমন অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উদ্যোগের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় সবাইকে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।

সর্বোচ্চ রিফান্ড ১ লাখ ৬৪ হাজার টাকা

মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৬ সালের সরকারি ব্যবস্থানায় তিনটি প্যাকেজ ছিল– হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ ও হজ প্যাকেজ-৩ (সাধারণ)।

হজ প্যাকেজ-১-এর হোটেল বুল্লরা আল দুররা, ১ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা ফেরত পাবেন।

এ প্যাকেজে দুই সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা ফেরত দেওয়া হবে। শর্ট প্যাকেজসহ এ অর্থের পরিমাণ এক লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা। তিন সিটের আপগ্রেডেশনে ফেরত দেওয়া হবে এক লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা; শর্ট প্যাকেজসহ এ পরিমাণ এক লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা।

হজ প্যাকেজ-২-এর হোটেল লুলুয়াত আল তাওহিদ, ২ নম্বর বাড়িতে ক্যাটাগরি অনুযায়ী হাজিরা দুই হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা ৯৪ পয়সা পর্যন্ত ফেরত পাবেন।

হোটেল রাওদাত আল শুরুকে সাধারণ প্যাকেজে তিন হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজে ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনে চার হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনে ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা ফেরত দেওয়া হবে।

অন্যদিকে হোটেল মানার আল শুরুকে সাধারণ প্যাকেজে সাত হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনে পাঁচ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনে ছয় হাজার ২৪৯ টাকা ২৪ পয়সা ফেরত পাবেন হাজিরা।

হজ প্যাকেজ-৩-এর ৫ নম্বর বাড়ির হাজিরা প্রত্যেকে তিন হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন। 

২৩ হাজি রিফান্ড পাবেন না

ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় অংশ নেওয়া চার হাজার ৩৬৪ জন হাজির মধ্যে চার হাজার ৩৪১ জন ব্যয় না হওয়া অর্থ ফেরত পাবেন। তবে ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবীমার নির্ধারিত অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো টাকা ফেরত পাবেন না।

২০২৭ সালে বিমান ভাড়া আরও কমছে

হজের ব্যয় কমিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের জন্য এই ইবাদতকে সহজ করা সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ২০২৬ সালের হজে বিমান ভাড়া আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০২৭ সালের হজের বিমান ভাড়া আরও কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সফল হয়েছে দাবি করে ধর্মমন্ত্রী বলেন, এবার কোনো ফ্লাইট বিপর্যয় বা বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শতভাগ নিবন্ধিত যাত্রী হজ পালন করেছেন। 

রিফান্ড নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

হাজিদের রিফান্ডের অর্থ নিয়ে প্রতারণা ঠেকাতে সতর্কবার্তাও দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, রিফান্ড বা অনুদানের অর্থ পাঠানোর জন্য কোনো হাজির কাছে ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর, বিকাশ, নগদ বা রকেটের পিন কিংবা ওটিপি চাওয়া হবে না। এ ধরনের ফোন বা বার্তা পেলে কোনো তথ্য না দিয়ে প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার জন্য হাজিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×