রোবটিক্স প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির তিন পদক অর্জন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক প্রতিযোগিতায় পদক বিজয়ীরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৩
বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনটি পদক অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্বের ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড STEM অলিম্পিয়াড ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট তিনটি জাতীয় পদক অর্জন করে ইউনিভার্সিটির ‘এসইউ ইনোভেশন হাব’ এর তিনটি দল। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।
সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী দলগুলোর মধ্যে- ১. ‘StingRay Hunter-X’ ব্লু এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে রৌপ্য পদক অর্জন করে। পানির নিচে স্বয়ংক্রিয় অনুসন্ধান, উদ্ধার ও রিকভারি সক্ষমতাসম্পন্ন ‘Autonomous Underwater Robot With River Recovery & Rescue System’ প্রকল্প প্রদর্শন করে দলটি এ পদক অর্জন করে। দলের সদস্যরা হলেন—মো. জুনাইদ আহমেদ, আরফাত উজ জামান, এহসান সাজিদ ও রাফসান রাহাত। ২. ‘SU Astro Nova’ দলটি রোবোটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে। সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দূরনিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডমাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতাসম্পন্ন ‘Remote Autonomous Mine Detection & Defusion Robot Version 2’ প্রকল্প উপস্থাপন করে দলটি। দলের সদস্যরা হলেন- আকরাম এফ. মনি, রেজাউল করিম, ফজলে রাব্বি ও আরমান। ৩. গ্রিনটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে ‘Robo Vend PRS’ দল। প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি থ্রিডি প্রিন্টিং শিল্পের কাঁচামাল তৈরিতে কার্যকর সমাধান হিসেবে ‘Reverse Vending System’ প্রকল্প উপস্থাপন করে দলটি। দলের সদস্যরা হলেন—আরিফুজ্জামান হৃদয়, খুশি আক্তার, তান্না আক্তার, নূরে আফ্রিদি চৌধুরী ও তাওসিফ আহমেদ।
- বিষয় :
- প্রতিযোগিতা
- শিক্ষা
- রোবট
- রোবট অলিম্পিক