ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কায়কাউসের বিরুদ্ধে আদানির বিদ্যুৎ চুক্তির সঙ্গে অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক

কায়কাউসের বিরুদ্ধে আদানির বিদ্যুৎ চুক্তির সঙ্গে অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:২০

বিদ্যুৎ বিভাগের সাবেক সিনিয়র সচিব আহমদ কায়কাউসের বিরুদ্ধে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটির অনুসন্ধান শুরু হয় গত বছরের এপ্রিলে।

এক বছর দুই মাস পর আহমদ কায়কাউসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আরও একটি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দুটি অভিযোগই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিমের নেতৃত্বাধীন টিমের সদস্যরা অনুসন্ধান করবে।

সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের ওই তথ্য জানান।

জানা গেছে, আহমদ কায়কাউস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন।

দুদক জানায়, আহমদ কায়কাউসের বিরুদ্ধে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ রয়েছে। কমিশনের এক আদেশে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে চুক্তি সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। 

সেগুলো হলো, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির শুরু থেকে শেষ অবধি যাবতীয় রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি, ওই গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা এ সংক্রান্ত রেকর্ড, বিদ্যুৎ ক্রয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের নাম, পদবি, বর্তমান ঠিকানা এবং এ নিয়ে কোনও বিভাগীয় তদন্ত করা হয়েছে কিনা, হয়ে থাকলে তদন্ত প্রতিবেদনসহ পরীক্ষা-নিরীক্ষা করা। 

ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ
‎ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের উপপরিচালক মো. আহসানুল কবির পলাশকে অভিযোগ অনুসন্ধানের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 

‎দুদক জানায়, ২০২৫ এর ১৭ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান করেছিল। পরে টিমের প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী অভিযোগটি প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

‎সূত্র জানায়, ওয়াকিটকি কেনার দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে বলেও জানা গেছে। ওই অভিযান পরিচালনার সময় টিমের সদস্যরা ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে। 

অরিয়ন গ্রুপের চেয়ারম্যানের বিদেশ যাত্রায় আদালতের অনুমতি
গতকাল রোববার অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে তিন মাসের জন্য বিদেশ গমনের অনুমতি প্রদান করেন। এদিকে ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। 

আরও পড়ুন

×