বোরকা পরে জবিতে প্রবেশের সময় সন্দেহভাজন ব্যক্তি আটক
প্রক্টর অফিসের মাধ্যমে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছবি-সমকাল
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট দিয়ে বোরকা পরে নারীর ছদ্মবেশে প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি আবাসিক হোটেলের কার্ড জব্দ করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে নিজের পরিচয় ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের উদ্দেশ্য নিয়ে তিনি অসংগতিপূর্ণ তথ্য দেন।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে আনসার সদস্য দাবি করেন। তিনি জানান, যাত্রাবাড়ী থানার এক উপপরিদর্শকের (এসআই) সঙ্গে কাজ করেন তিনি। গেন্ডারিয়া রেলস্টেশন এলাকায় মাদকসেবী ও অপরাধীদের শনাক্ত করে প্রশাসনকে সহযোগিতা করাই তার কাজ বলে দাবি করেন।
তবে বোরকা পরে ছদ্মবেশ ধারণের কারণ জানতে চাইলে তিনি ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। প্রথমে তিনি দাবি করেন, শিক্ষার্থীরা তাকে বিরক্ত করায় বোরকা পরেছেন। পরে বক্তব্য পরিবর্তন করে বলেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করতেই তিনি এ ছদ্মবেশ ধারণ করেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই ব্যক্তি নিজের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের কথা জানানোর চেষ্টা করেন। তাকে পুলিশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়ে যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন দিতে বলেন। একই সঙ্গে নিজেকে স্থানীয় এক নেতার অনুসারী বলেও পরিচয় দেন। তবে তার এসব দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রক্টর অফিসের মাধ্যমে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তির প্রকৃত পরিচয়, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের উদ্দেশ্য এবং তার কাছ থেকে পাওয়া আবাসিক হোটেলের কার্ডের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে এসেছিলেন, তা ভালোভাবে জানার চেষ্টা করছি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। যদি কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্য থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- ছদ্মবেশ
- আটক