গোলটেবিল আলোচনায় আনু মুহাম্মদ
সরকারের কাছে কার্যত ‘সবার পরে বাংলাদেশ’
আনু মুহাম্মদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেওয়া সরকারের কাছে কার্যত ‘সবার পরে বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, এই সরকারের কাছে সবার আগে সাম্রাজ্যবাদী স্বার্থ কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থ, সবার আগে ট্রাম্পের স্বার্থ। এ জন্য তো বাংলাদেশের মানুষ তাদের ভোট দেয়নি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মিডিয়া অ্যান্ড সিভিল রাইটস সোসাইটি (এমসিআরএস) আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর ও জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আনু মুহাম্মদ এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯০ শতাংশ এ বন্দর দিয়ে হয়। এমন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সঙ্গে অন্য দেশের বন্দর ব্যবস্থাপনার তুলনা চলে না।
চট্টগ্রাম বন্দর পরিচালনায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে দাবি করে আনু মুহাম্মদ বলেন, ইতোমধ্যে নৌবাহিনী ও দেশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতার প্রমাণ দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে এটা পরিচালনা করে পুরোপুরি জাতীয় সক্ষমতার একটা ভিত্তি দাঁড় করানো সম্ভব ছিল। সেই পথেই কোনো সরকার যায়নি।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে কাস্টমস, আমলাতন্ত্র ও অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এসব পরিবর্তনের সঙ্গে বিদেশি কোম্পানি আনার সরাসরি কোনো সম্পর্ক নেই।
অতীতে শ্রমিক আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত রুখে দেওয়া গেছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বন্দরের শ্রমিকরা বারবার আন্দোলন করেছিলেন। তাদের দৃঢ়তার কারণেই বন্দর রক্ষা পেয়েছে। সেই প্রতিরোধটাই অব্যাহত রাখতে হবে।
দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে সরকারের জবাবদিহির অভাব রয়েছে অভিযোগ করেন আনু মুহাম্মদ। দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ক্ষতিকর কাজ ও ক্ষতিকর চুক্তি যারা করে, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি যারা করে, তাদের নামগুলো টুকে রাখতে হবে। পুরা দেশের মানুষ ও দেশকে যারা একটা ভয়াবহ বিপদের দিকে ঠেলে দেয়, সেই অপরাধীদের নাম ভুলে গেলে চলবে না।
ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশিদ বলেন, জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে দেশকে বিদেশি প্রভাবের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় করা চুক্তি ও নীতির ধারাবাহিকতা বর্তমান সরকার কেন বহন করছে, তার জবাব জনগণের কাছে দিতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থি।
মিডিয়া অ্যান্ড সিভিল রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক বাতেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উত্থাপন করেন আমার দেশের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সোহাগ কুমার বিশ্বাস। আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নূরুল্লাহ বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাহিদা সুলতানা ঋতু, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।
- বিষয় :
- আনু মুহাম্মদ