ভিকারুননিসার এডহক কমিটি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
৯০ দিনের মধ্যে গভর্নিং বডির নির্বাচন দেওয়ার নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১২
তৃতীয়বারের মতো একই ব্যক্তিকে সভাপতি করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।
তিনি সমকালকে বলেন, মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি করা হয়েছে। এর আগে তিনি দুইবার এ দায়িত্ব পালন করেছেন। তার দাবি, ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানে একই ব্যক্তি দুইবারের বেশি সভাপতি বা কমিটির সদস্য হতে পারবেন না। এই বিধান লঙ্ঘনের অভিযোগে বর্তমান এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয় বলে জানান তিনি।
গত ২৬ জুলাই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ এডহক কমিটি গঠন করা হয়।