ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

২৫ সেপ্টেম্বর আবারও শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

২৫ সেপ্টেম্বর আবারও শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৭

হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে আবারও বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় টিকার অধিকাংশ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। অবশিষ্ট টিকাও ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার ঢাকার ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, হামের টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পরও সংক্রমণ অব্যাহত থাকায় সরকার মপ-আপ কার্যক্রম হাতে নেয়। এর আওতায় নতুন করে ১৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আগের সরকার দেশে কোনো টিকা রেখে যায়নি। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন করে শুরু হতে যাওয়া টিকাদান কর্মসূচির বিস্তারিত বিষয়ে মন্ত্রী বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। ইউনিসেফের মাধ্যমে অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। বাকি টিকাও নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাবে।

এদিকে ডেঙ্গু রোগীর চাপ কমাতে ঢাকার হাসপাতালের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে। উপজেলা পর্যায়েই রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে গুরুতর রোগী ছাড়া অন্যদের টারশিয়ারি হাসপাতালে যেতে না হয়।

টারশিয়ারি হাসপাতালের ওপর চাপ কমাতে সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

আরও পড়ুন

×