ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ট্রাইব্যুনালে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরানোর কারণ জানতে চান পলক

ট্রাইব্যুনালে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরানোর কারণ জানতে চান পলক
×

জুনাইদ আহমেদ পলক। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার সময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরানোর কারণ জানতে চেয়েছেন জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার ট্রাইব্যুনাল-১-এর এজলাসে তিনি বলেন, তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। দুই হাত পেছনে নিয়ে পরানো হয়েছিল হ্যান্ডকাফ। মাথায় ভারী কিছু না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। গাড়ি থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময়ও একইভাবে তাকে আনা হয়।

পলক বলেন, ট্রাইব্যুনাল একটি নিরাপদ জায়গা। সেখানে অল্প পরিসরের জন্য হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরানোর কারণ তিনি বুঝতে পারছেন না।

বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এসব কথা বলেন পলক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে করা মামলায় এদিন নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর কাঠগড়ায় থাকা পলক ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কথা বলেন।

এ সময় ট্রাইব্যুনাল-১-এর এজলাসে ব্যবহৃত কম্পিউটারের উইন্ডোজ সফটওয়্যার নিয়েও কথা বলেন পলক। তিনি সফটওয়্যারটিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ দাবি করে ট্রাইব্যুনালে লাইসেন্স করা উইন্ডোজ ব্যবহারের অনুরোধ জানান।

পলকের বক্তব্যের পর এ বিষয়ে প্রসিকিউশনের অবস্থান জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আসামি পলককে যে নিরাপত্তাব্যবস্থা দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল বা প্রসিকিউশনের কিছু করার নেই।

উইন্ডোজ সফটওয়্যারের বিষয়ে প্রসিকিউশন বিষয়টি দেখবে জানিয়ে গাজী এমএইচ তামিম বলেন, এ বিষয়ে আইটি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা হবে। পরে ট্রাইব্যুনাল বলেন, পাইরেটেড সফটওয়্যার যাতে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

×