লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন আরও ১৬৮ জন
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০২
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৬৮ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার। মঙ্গলবার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এর আগে ১ সেপ্টেম্বর ১৭৪ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরে আসেন। তারাও লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক ছিলেন।
বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬৮ বাংলাদেশিকে সোমবার রাতে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফেরত আনা হয়েছে।
প্রত্যাবাসিত বাংলাদেশি বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম একসঙ্গে কাজ করছে।