ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কারখানা ও বাফার গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার মজুদ রয়েছে: বিসিআইসি চেয়ারম্যান

কারখানা ও বাফার গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার মজুদ রয়েছে: বিসিআইসি চেয়ারম্যান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১৯

দেশে পর্যাপ্ত ইউরিয়া সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, চাহিদা অনুযায়ী ডিলারদের বিসিআইসির কারখানা ও বাফার গুদাম থেকে যথাসময়ে সার সরবরাহ করা হচ্ছে। তাই ইউরিয়া সারের মজুদ নিয়ে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

গত সোমবার নীলফামারী, লালমনিরহাটের মহেন্দ্রনগর ও কুড়িগ্রামে অবস্থিত বিসিআইসির সার গুদাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় স্থানীয় জেলা প্রশাসনের প্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের উপস্থিতিতে গুদামে মজুদ সার খামালভিত্তিক গণনা করে মজুদের সঠিকতা যাচাই করা হয়। বিসিআইসি চেয়ারম্যান জানান, নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশের চাহিদা মেটানোর মতো ইউরিয়া সার গুদামে মজুদ রয়েছে।

তিনি বলেন, স্থানীয় তিনটি সার কারখানায় প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে ইউরিয়া সার আমদানিও চলমান রয়েছে। এসব উৎস থেকে পাওয়া সার দিয়ে আগামী পিক সিজনে চাহিদা পূরণ করা সম্ভব হবে।

পরিদর্শন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতৃবৃন্দ ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিসিআইসি চেয়ারম্যান।

সভায় তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কোনো স্বার্থান্বেষী মহল যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্যবৃদ্ধি কিংবা অপপ্রচার ও গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে মনিটরিং বাড়াতে হবে।

তিনি আরও জানান, ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি কারখানা ও বাফার গুদামে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। শুক্র ও শনিবারসহ সপ্তাহের সাত দিনই গুদাম থেকে সার বিতরণ কার্যক্রম চালু রাখা হয়েছে। বিসিআইসি থেকে এ কার্যক্রম নিয়মিত কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে।

পরিদর্শনকালে বিসিআইসির চেয়ারম্যানের সঙ্গে পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মু. খায়রুজ্জামান এবং ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বিপণন) মো. মঞ্জুর রেজা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×