ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি কর্মী রাব্বি হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জন আসামি

বিএনপি কর্মী রাব্বি হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জন আসামি
×

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৮

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর খিলগাঁও এলাকায় গুলিতে বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে রাব্বীর মামা নাঈম কলিমুল্লাহ সরকার মঙ্গলবার এ মামলার আবেদন করেন।

আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া বুধবার বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২ নভেম্বর মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিকী, সাবেকমন্ত্রী আনিসুল হক,  ড. হাছান মাহমুদ,  কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, আসাদুজ্জামান নূর, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক, রাশেদ খান মেনন, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।  

আইনশৃঙ্খলার বাহিনীর মধ্যে সাবেক চার আইজিপি- শহীদুল হক, বেনজীর আহম্মেদ, জাবেদ পাটোয়ারী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, আব্দুল কাহার আকন্দকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি একজন ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার। ২০২৪ সালের ৫ অগাস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেন রাব্বী। দুপুর ২টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×