মানবপাচার প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: আইনমন্ত্রী
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউএনওডিসি আয়োজিত এক পরামর্শ সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৭
মানবপাচার দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধগুলোর একটি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, মানবপাচার প্রতিরোধে আইনকে আরও কার্যকর করার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত ‘মানবপাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবপাচার প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হয়েছে। মানবপাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করা হয়েছে, যাতে এর বিস্তৃত পরিসরের বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়।
তিনি বলেন, অনলাইন জুয়া, অনলাইনের মাধ্যমে সংঘটিত পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডকে আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ প্রণয়ন করা হয়েছে।
বিচারপ্রক্রিয়ার ধীরগতির প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এর জন্য বিচারকদের দোষারোপ করা যায় না। এটি বিচারব্যবস্থার কাঠামোগত ও পদ্ধতিগত সীমাবদ্ধতার বিষয়। বর্তমানে সারা দেশে প্রায় ৪৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এর বিপরীতে বিচারকের সংখ্যা প্রায় ২ হাজার ৪০০ জন। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
মাদক অপরাধ মোকাবিলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইন মাদকসংক্রান্ত অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অনলাইনে মাদক বিক্রি ও ক্রয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ ধরনের অপরাধ মোকাবিলায় সরকার পুলিশের একটি পৃথক সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা করছে।
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।
অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, ইউএনওডিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
- বিষয় :
- আইনমন্ত্রী
- মানবপাচার