ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওসির অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, জিজ্ঞাসাবাদ

ওসির অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, জিজ্ঞাসাবাদ
×

রাকিবুল হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০০:২৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:১২

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তিন সদস্যের এই কমিটি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে।

বৃহস্পতিবার রাতে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, ডিএমপির একজন যুগ্ম পুলিশ কমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশের সাইবার বিভাগের একজন কর্মকর্তাও রয়েছেন। তারা রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছেন।

এর আগে বৃহস্পতিবার প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে প্রশাসনিক কারণে ১৭ সেপ্টেম্বর থেকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

রাকিবুল হাসান ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে রাকিবুল হাসানকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অডিওটি রাকিবুল হাসানের বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছে।

ওই অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে, কিচ্ছু হবে না। আপনারা চিন্তাও করতে পারতেছেন না রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল।’

অডিওতে আরও বলতে শোনা যায়, ‘আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই আসা উচিত ছিল। চলে আসলে এই পুলিশ কিচ্ছুই করতে পারবে না।’

এ ছাড়া অডিওতে ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়ে মন্তব্য করতেও শোনা যায়। তিনি বলেন, ‘সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না।’

অডিওতে আরও বলা হয়, ‘এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবা-দাবা..., নিয়ে থাকবা, আর আমরা এখানে বসে বসে কাজ করব, তা তো হবে না।’

অডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায়ই পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে ডিএমপির ওই কর্মকর্তা।

আরও পড়ুন

×