ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ওয়ার্ল্ড হেলথ সামিটে ড. ইউনূসের অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবি

ওয়ার্ল্ড হেলথ সামিটে ড. ইউনূসের অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবি
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:২৪

বার্লিনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬-এ ড. ইউনূসের অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক নাগরিক সমাজ সংগঠন। বাংলাদেশের সাম্প্রতিক হাম পরিস্থিতি ও জনস্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ জানিয়ে সম্মেলনের আয়োজকদের কাছে তারা একটি পিটিশন দিয়েছে।

সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইউরোপ ও যুক্তরাজ্য), ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স যৌথভাবে এ পিটিশন দিয়েছে।

ওয়ার্ল্ড হেলথ সামিটের কর্মসূচি অনুযায়ী, আগামী ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর ‘ফ্রম ক্রাইসিস টু রেজিলিয়েন্স: ইনোভেটিং ফর হেলথ’ শীর্ষক একটি বিশেষ অধিবেশনে মুহাম্মদ ইউনূসের বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

পিটিশনে বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২৩ এপ্রিলের একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বাংলাদেশে ১৯ হাজার ১৬১টি সন্দেহভাজন হাম রোগী এবং ২ হাজার ৯৭৩টি পরীক্ষাগারে নিশ্চিত হাম সংক্রমণ শনাক্ত হয়েছিল। একই সময়ে ১৬৬টি সন্দেহভাজন ও ৩০টি নিশ্চিত হাম-সম্পর্কিত মৃত্যুর তথ্য পাওয়া যায়। আক্রান্তদের ৭৯ শতাংশের বয়স ছিল পাঁচ বছরের কম।

পিটিশনকারী সংগঠনগুলোর দাবি, নিয়মিত টিকাদান কর্মসূচি, টিকার প্রাপ্যতা ও সরবরাহ এবং জরুরি টিকাদান কার্যক্রম নিয়ে ওঠা প্রশ্নগুলোর স্বাধীন পর্যালোচনা প্রয়োজন। তাদের মতে, এসব বিষয় জনস্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা, সংকট মোকাবিলার প্রস্তুতি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পর্কিত।

সংগঠনগুলো ওয়ার্ল্ড হেলথ সামিটের আয়োজকদের কাছে মুহাম্মদ ইউনূসকে বিশেষ বক্তা হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। আমন্ত্রণ বহাল থাকলে বাংলাদেশের হাম পরিস্থিতি ও সংশ্লিষ্ট জনস্বাস্থ্য উদ্বেগ নিয়ে তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে তারা।

এ ছাড়া হাম প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবার, শিশু চিকিৎসক, টিকাদান বিশেষজ্ঞ ও স্বাধীন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আলোচনায় যুক্ত করা এবং হাম প্রাদুর্ভাবের কারণ, টিকা সরবরাহ ও টিকাদান কর্মসূচিতে সম্ভাব্য বিঘ্ন নিয়ে স্বাধীন আন্তর্জাতিক পর্যালোচনার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

পিটিশনকারী সংগঠনগুলো বলেছে, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে আগাম দোষী সাব্যস্ত করা বা কোনো তদন্তের ফলাফল পূর্বনির্ধারণ করা নয়। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের স্বাধীন যাচাইয়ের দাবি জানিয়েছে।

১১ থেকে ১৩ অক্টোবরের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ফ্রম ক্রাইসিস টু রেজিলিয়েন্স: ইনোভেটিং ফর হেলথ’। আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, এতে স্বাস্থ্যব্যবস্থার সংকট, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন ও ভবিষ্যৎ স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×