ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে ও কমিউনিটি লাইব্রেরি চালু করল ব্র্যাক ইউনিভার্সিটি

রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে ও কমিউনিটি লাইব্রেরি চালু করল ব্র্যাক ইউনিভার্সিটি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩০

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে ও কমিউনিটি লাইব্রেরি চালু করেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে)। একই সঙ্গে রোহিঙ্গাদের ইতিহাস, পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণে ‘রোহিঙ্গা হিস্টোরি অ্যান্ড নলেজ সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় রোহিঙ্গা ক্যাম্পে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হবে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-৪–এ পিস ক্যাফে ও কমিউনিটি লাইব্রেরিটি স্থাপন করা হয়েছে। সেখানে রোহিঙ্গাদের বই পড়া, মতবিনিময়, জ্ঞানচর্চা ও শেখার সুযোগ তৈরি হবে। বিশেষ করে তরুণেরা নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা ভাগাভাগি করার সুযোগ পাবেন বলে জানিয়েছে সিপিজে।

পিস ক্যাফে নারী শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা ও সামাজিক উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করার একটি উদ্যোগ। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের সহযোগিতায় ২০১৮ সাল থেকে ঢাকা, ময়মনসিংহ ও রংপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারটি পিস ক্যাফে প্রতিষ্ঠা করেছে সিপিজে।

রোহিঙ্গা ক্যাম্পে সিপিজের রিফিউজি স্টাডিজ ইউনিট শিক্ষা, গবেষণা, সক্ষমতা উন্নয়ন ও অ্যাডভোকেসি নিয়ে কাজ করছে। এর পাশাপাশি শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও সামাজিক সম্প্রীতি তৈরিতে কাজ করছে ইউনিটটি।

পিস ক্যাফে ও কমিউনিটি লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, সিপিজের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর মোফাক খারুল ইসলাম তৌফিক উপস্থিত ছিলেন।

পরে আরআরআরসি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সিপিজের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় প্রতিষ্ঠিতব্য রোহিঙ্গা হিস্টোরি অ্যান্ড নলেজ সেন্টারের জন্য ক্যাম্পের ভেতরে একটি নির্দিষ্ট স্থান বরাদ্দ দিয়েছে আরআরআরসি কার্যালয়। কেন্দ্রটি রোহিঙ্গাদের ইতিহাস, পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নাজমুল ইসলাম ভূইয়া, আরআরআরসি কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব আফতাবুজ্জামান আল-ইমরান এবং সিপিজের ইনস্টিটিউশনাল অ্যাডভাইজার মনজুর হাসান, ওবিই উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×