দৌলতখানে নারী ও লালমাইয়ে ট্রাকচালককে পিটিয়ে হত্যা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৮
| প্রিন্ট সংস্করণ
জমিসংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে ভোলার দৌলতখানে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে কুমিল্লার লালমাইয়ে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ে এক যুবক, কুড়িগ্রামে এক বৃদ্ধ, মৌলভীবাজারের জুড়ীতে অটোরিকশাচালক ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক কাঠ ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
দৌলতখানে দুই পক্ষের সংঘর্ষের সময় মমতাজ বেগম ওরফে রাসু (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাসু উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত কাশেম ও তাঁর স্ত্রী রুজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার রাতে নিহতের দেবর বজলু বেপারীর ছেলে মাইনুদ্দিন ফেসবুকে একটি পোস্ট দেন। এটা নিয়ে পাশের বাড়ির আবুল কাশেম, তাঁর ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম এবং নিহতের দেবর বজলুর মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাসু মারামারি থামাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের মেয়ে রুবিনা বেগম বলেন, ‘আমার মাকে কাশেম, ইকবাল ও রাজিয়া পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম বলেন, ওই ঘটনায় কাশেম ও রুজিনা নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে কুমিল্লার লালমাইয়ে আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হরিশ্চর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশিদ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল-সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে হরিশ্চর রেলগেট আসামিরা আবদুর রশিদকে মারধর করে। এতে তাঁর মৃত্যু হলে মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয়।
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচংয়ে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এই ঘটনা ঘটে। জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মন্দরী গ্রামের জায়দুল মিয়াসহ তাঁর লোকজনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুল মজিদ, সারোয়ারসহ তাদের লোকজনের। শুক্রবার বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রামে বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন
কুড়িগ্রাম সদরে এক বৃদ্ধকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল জলিল (৪০) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল সকাল ৯টার দিকে পৌর শহরের চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় জলিল হঠাৎ তাঁকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এলাকাবাসী জলিলকে ধাওয়া করে বেঁধে রাখলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
জুড়ীতে অটোচালক হত্যা, মা-মেয়ে গ্রেপ্তার
মৌলভীবাজারের জুড়ীতে অটোরিকশাচালক আবুল কালাম বুলুচাঁনের (৩৯) ভাসমান মরদেহ উদ্ধার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে বাগ্বিতণ্ডায় আছমা বেগম নামের এক নারী দা দিয়ে কুপিয়ে কালামকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। পরে কলাগাছের ভেলায় বেঁধে তাঁর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদী থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে প্রযুক্তির সহায়তায় পুলিশ গতকাল আছমা ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করে।
নাইক্ষ্যংছড়িতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাফর আলম বাবুল (৪৯) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বাইশারী ইউনিয়নের ছাধঅংপাড়া এলাকার একটি বৌদ্ধবিহারের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবুল লম্বাবিল এলাকার ওসমান গনির ছেলে। এ ঘটনায় অংকিয় চিং মারমা নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
রাজধানীতে নারীর গলাকাটা এবং অজ্ঞাত দুজনের মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীতে ইয়ানূর বেগম (২৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ভাড়া বাসার খাটের নিচে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনার পর তাঁর স্বামী মো. জুয়েলের খোঁজ মিলছে না।
কদমতলী থানার এসআই কামরুন নাহার জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলীর ৬১ নম্বর ওয়ার্ড গলির ৬৭০ নম্বর ভবনের দোতলায় যায় পুলিশ। ইয়ানূর ওই বাসার একটি ঘরে স্বামীসহ সাবলেট থাকতেন। সেখানে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
ইয়ানূর পটুয়াখালীর গলাচিপার উপজেলার হানিফ হাওলাদারের মেয়ে। পরিবারের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, প্রায় তিন মাস আগে জুয়েলকে বিয়ে করেন ইয়ানূর। এর পর তারা ওই বাসাটি ভাড়া নেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
এ ছাড়া রমনা ও কামরাঙ্গীরচর এলাকা থেকে পৃথক ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রমনা থানা পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রমনার এনএসআই হেডকোয়ার্টার্স এলাকায় সড়কে এক পুরুষকে (৬০) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।
একই দিন সকালে কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডের রসুলপুর দুরানি ব্রিজ ঢাল-সংলগ্ন বেড়িবাঁধ থেকে অজ্ঞাতনামা আরেকজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কামরাঙ্গীরচর থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে। নিহতের হাত ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে।
(তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিনিধি)