উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন জামশেদ হাসান
এসএম জামশেদ হাসান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১০
রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবারের ব্যবসা ও কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবহনসেবার পরিধি বাড়াতে কাজ করবেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।
উবারে যোগ দেওয়ার আগে ওয়েজলি বাংলাদেশে ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অ্যান্ড গ্রোথ হিসেবে দায়িত্ব পালন করেন জামশেদ হাসান। সেখানে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে কাজ করেন তিনি। এর আগে ডিএইচএল, ইউপিএস ও মেটলাইফে বাণিজ্যিক ও ব্যবসা উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন জামশেদ। এসব প্রতিষ্ঠানে করপোরেট বিক্রয়, রাজস্ব বৃদ্ধি, কৌশলগত অংশীদারত্ব ও পণ্য উন্নয়নে তার অভিজ্ঞতা রয়েছে।
উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটস বিভাগের প্রধান আকাঙ্ক্ষা সিং বলেন, ‘জামশেদকে উবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে আমাদের ব্যবসা পরিচালনায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা সম্প্রসারণ, অংশীদারত্ব ও বাণিজ্যিক কৌশল সম্পর্কে তার অভিজ্ঞতা বাংলাদেশে উবারের কার্যক্রম আরও এগিয়ে নিতে সহায়ক হবে।’
নতুন দায়িত্ব প্রসঙ্গে এসএম জামশেদ হাসান বলেন, ‘উবারে যোগ দিতে পেরে এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দেশের পরিবহন ব্যবস্থায় উবার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করেছে। গত ১০ বছরে যে ভিত্তি তৈরি হয়েছে, সেটিকে আরও এগিয়ে নিতে দলের সঙ্গে কাজ করতে চাই। মানুষের পরিবহনসংক্রান্ত প্রয়োজন মেটানো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশে উবারের পরবর্তী পর্যায়ের যাত্রায় অবদান রাখতে আমি আগ্রহী।’
২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। প্রযুক্তির মাধ্যমে সহজলভ্য পরিবহনসেবা দেওয়ার পাশাপাশি চালক অংশীদারদের আয়ের সুযোগ তৈরির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করেছে তারা।
উবারের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে ৭২ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সময়ে ৩ লাখ ৫০ হাজারের বেশি চালকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে উবার।
বিশ্বব্যাপী ২০১০ সালে যাত্রা শুরু করা উবারের প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ১৫ বিলিয়নের বেশি ট্রিপ সম্পন্ন হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখা, ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ খোঁজা এবং পরিবহনসেবায় কার্যক্রম জোরদারের সময়ে জামশেদ হাসানকে কান্ট্রি হেড হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।