ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ রোকনসহ পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পেল মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড

শেখ রোকনসহ পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পেল মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড
×

মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন নদী গবেষক শেখ রোকন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৫৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৫৪

নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নদী গবেষক শেখ রোকনসহ পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬। রোববার রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে লেখক ক্যাটাগরিতে সেভ দ্য রিভার মুভমেন্ট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কবির সিদ্দিকী, গবেষণা ক্যাটাগরিতে নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, সাংবাদিকতা ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ এবং দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আল ফাতাহ মামুন রয়েছেন। সংগঠন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নোঙর ট্রাস্ট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুমন শামস পুরস্কার গ্রহণ করেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদী রক্ষায় সরকার, জনগণ, গবেষক ও পরিবেশবিদদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নদী দখল ও দূষণ বন্ধের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।

মন্ত্রী বলেন, নদীকে শুধু পানি প্রবাহের মাধ্যম হিসেবে দেখলে হবে না। দেশের পরিবেশ, অর্থনীতি এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে নদীর নিবিড় সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী ও জলাভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই।

নদীকে কেন্দ্র করে টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে নিরাপদ ও জীবন্ত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান পানিসম্পদমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী ও জলসম্পদ সংরক্ষণে দীর্ঘদিন ধরে যাঁরা কাজ করছেন, মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড তাঁদের অবদানের স্বীকৃতি। এ ধরনের সম্মাননা অন্যদেরও নদী রক্ষায় কাজ করতে উৎসাহিত করবে।

তিনি বলেন, নদীর প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোলায়মান হায়দার, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

আরও পড়ুন

×