ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী

এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী
×

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:১০

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘আমরা এয়ারবাস কিনছি। ১০টি কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবরে চুক্তি হয়ে যাবে।’ 

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। 

এয়ারবাস হলো- ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক একটি কোম্পানি। 

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে। এ নিয়ে মোট চুক্তি স্বাক্ষর হলো ২৫টি। অনেকের প্রশ্ন এতগুলো বোয়িং এই মুহূর্তে কেন কেনা হলো। চুক্তি স্বাক্ষর করা মানেই কিন্তু এখন নেওয়া নয়। চুক্তি অনুযায়ী প্রথম এয়ারক্রাফটটি আসবে ২০৩১ সালে। এই ২৫টি আসতেও ১১ থেকে ১২ বছর লাগবে। আর এখন কোনো টাকাও দেওয়া লাগছে না। একটা করে আসবে, পরে টাকা।

পর্যটন মন্ত্রী বলেন, আগামী ২৫ থেকে ৩০ বছর পর দেশের এভিয়েশন খাত কোথায় যাবে সেই চিন্তা করেই এই স্বাক্ষরগুলো করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের মন্ত্রী বলেন, ‘আমরা কোত্থেকে কী কিনব, এটা তো ডেফিনেটলি আমাদের নিজস্ব একটা বিষয়। কোন এয়ারক্রাফটটা কীভাবে আমাদের জন্য সুইটেবল, সেটা চিন্তা করেই কিন্তু আমরা করছি।’

মন্ত্রী আরও বলেন, দেশের এভিয়েশন খাতকে শক্তিশালী করা দরকার। ইথিওপিয়ায় বাংলাদেশের চেয়ে জিডিপির হার অনেক কম। কিন্তু তাদের এয়ারলাইনস এখন ১৬৭টি ফ্লিট নিয়ে চলছে। তাদের জিডিপিতে এভিয়েশন থেকে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন করতে পারছে। সেই তুলনায় পিছিয়ে বাংলাদেশ। 

আরও পড়ুন

×