ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধি দলের সাক্ষাৎ
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:১৮
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত আমেরিকান রাষ্ট্রদূত) ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুর ১২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ডিএমপি সূত্র জানায়, সাক্ষাৎকালে জিএসএফ হাইতি মিশনে ডিএমপির সোয়াট সদস্য ও বম্ব টেকনিশিয়ান সরবরাহ করায় মার্কিন প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ভবিষ্যতেও আগের মতো প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে রাজধানীর পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্পিয়ার টিম গঠন করায় ডিএমপির প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ সময় ডিএমপি কমিশনার সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের মতো বিশেষায়িত টিম গঠন এবং বাংলাদেশে উগ্রবাদ দমনে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য মার্কিন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধি দল ডিএমপির সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম, সক্ষমতা ও ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে তাদের অবহিত করা হয়। মার্কিন প্রতিনিধি দলে আরও ছিলেন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপমিশন প্রধান লোগান কলিন্স, সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা স্টুয়ার্ট সুলিভান এবং জ্যেষ্ঠ নিরাপত্তা তদন্ত কর্মকর্তা জাহিদ হাবিব।
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণিসহ সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ডিএমপি কমিশনার
- মার্কিন প্রতিনিধিদল