কারাগারে গভীর রাতে তারেক সাঈদকে পিটিয়েছেন কারারক্ষীরা, দাবি আইনজীবীর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০৩
মুন্সিগঞ্জ জেলা কারাগারে গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেলের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক এই সেনা কর্মকর্তাকে বেধড়ক পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও তারেক সাঈদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেছেন এ আইনজীবী। এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
এ প্রসঙ্গে তারেক সাঈদের আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল সাংবাদিকদের বলেন, সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের বিরুদ্ধে দুটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় গত ১০ আগস্ট তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে ১৬ সেপ্টেম্বর তারেক সাঈদকে ফের আদালতে হাজির করলে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। একই দিন গভীর রাতে মুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ তার ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান কয়েকজন রক্ষী। লাঠি দিয়ে আঘাত করায় মাথায় আঘাত পান তিনি। শরীরের বিভিন্ন স্থানেও তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এছাড়া হামলার সময় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।
এ আইনজীবী আরও বলেন, হামলার ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও সুচিকিৎসা চেয়ে আদালতের কাছে আমরা আবেদন করেছি। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আগামীকাল এ আবেদনের ওপর শুনানি হবে।
কুমিল্লা-লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় আজ বুধবার সকালে কারাগার থেকে তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলায় আসামির তালিকায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের নামও রয়েছে।
এদিন তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও নতুন করে দুই মাস সময় চেয়েছে প্রসিকিউশন। পরে আগামী ৩০ নভেম্বর এ প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।