আপস মীমাংসা করে গাজী নজরুলের প্রথম স্ত্রীর জামিন
গাজী নজরুলের সাথে প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২০
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে একই মামলায় আপস মীমাংসা করে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হয়েছে।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়েত উল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকায় মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিনের আবেদনে বলা হয়, বাদীপক্ষের সঙ্গে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপস-মীমাংসা হয়েছে। তাদের জামিনে বাদীর কোনো আপত্তি নেই। শুনানির সময় বাদী আদালতের কাঠগড়ায় উপস্থিত থেকে জামিনে সম্মতি জানান।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আপসের শর্তে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত নন। বাদীপক্ষের সঙ্গে ইতোমধ্যে আপস-মীমাংসা হয়েছে এবং শুনানিতে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিনে তাঁর আপত্তি নেই।
এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গত ২২ সেপ্টেম্বর একই মামলায় মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত। পরদিন ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ও নজরুলের মামাশ্বশুর ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকে ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।
ওই রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় তিনি অভিযোগ করেন, গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করায় তাঁর মেয়ে মরিয়ম আত্মহত্যা করেছেন।
এর আগে গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে নজরুল ইসলাম ওই তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
- বিষয় :
- গাজী নজরুল ইসলাম