ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা ভাঙচুর

সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪২

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় পুলিশের একজন কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে সেটিকে আমলে নেওয়া হবে না। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের দায় আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ঘটনার ক্ষেত্রে সরকার বা পুলিশের দায় তখনই আসে, যখন তারা কোনো ব্যবস্থা নেয় না অথবা পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়। ওই ঘটনায় সরকার বা পুলিশের কোনো ব্যর্থতা ছিল না বলেও দাবি করেন তিনি।

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে বিভাগ ও জেলা পর্যায়ে এ মনিটরিং করা হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত জানাতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) একটি অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার

চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে।

চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে রয়েছে বলে তথ্য উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা করা পুলিশের নিয়মিত কাজ। এসব তালিকায় সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের নামও থাকে। তালিকাগুলো নিয়মিত হালনাগাদ করা হয়।

তিনি বলেন, ‘নতুন করে তালিকা করা হয়েছে, এমন কিছু নয়। তবে নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটাই প্রশ্ন। আপনারা পত্রিকায় নিয়মিত দেখবেন, এসব অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা অব্যাহত আছে এবং আরও জোরদার করা হবে।’

আরও পড়ুন

×