সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের স্থানে ফোয়ারা নির্মাণের খবর অস্বীকার মুক্তিযুদ্ধ মন্ত্রীর
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৮
সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান ঘিরে ভাস্কর্য নির্মাণের পরিবর্তে পানির ফোয়ারা তৈরির উদ্যোগ নেওয়ার খবর অস্বীকার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, স্বাধীনতা স্তম্ভ প্রকল্প কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়েই আলোচনা চলছে। আত্মসমর্পণের স্থানে ফোয়ারা নির্মাণ নিয়ে কোনো আলোচনা হয়নি।
বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থান ঘিরে ভাস্কর্য নির্মাণের পরিবর্তে পানির ফোয়ারা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও দেখা দেয়।
আহমেদ আযম খান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের কাজ কীভাবে সম্পন্ন করা যায়, সেটিই সরকারের আলোচনার বিষয়। আত্মসমর্পণের স্থান ঘিরে ফোয়ারা নির্মাণের বিষয়ে তাদের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
গত ২৬ সেপ্টেম্বর গণমাধ্যমে ‘সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে আত্মসমর্পণের স্থান ঘিরে ভাস্কর্যের পরিবর্তে ফোয়ারা নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সরকারের উদ্যোগ নিয়ে সমালোচনা হয়। তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী দাবি করেন, বিষয়টি সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বাধীনতা স্তম্ভের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েই বর্তমানে আলোচনা চলছে।
- বিষয় :
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী