প্রাপ্তবয়স্ক নারীর বিদেশযাত্রায় অভিভাবকের অনুমতি কেন— প্রশ্ন অগ্রযাত্রা নারী ফোরামের
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২০:০০ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ২০:০৩
বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা সত্ত্বেও বিদেশগামী প্রাপ্তবয়স্ক নারী যাত্রীদের বৈবাহিক অবস্থা, পোশাক, অভিভাবকের অনুমতি ও ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্ন এবং হয়রানির অভিযোগে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে নারী অধিকারবিষয়ক সংগঠন ‘অগ্রযাত্রা নারী ফোরাম’।
ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশিরের সই করা এক যৌথ বিবৃতিতে সংগঠনটি এসব বিষয়ে উদ্বেগ জানায়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তিন প্রাপ্তবয়স্ক নারী নেপাল যাওয়ার পথে বিমানবন্দরে বাধার মুখে পড়েন। তাদের অবিবাহিত হওয়া এবং পরিবারের অনুমতির বিষয়টি তুলে ধরে বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায় এবং হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন।
জাকিয়া শিশির বলেন, কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক বৈধ পাসপোর্ট, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইনসম্মতভাবে ভ্রমণ করতে চাইলে শুধু নারী, অবিবাহিত কিংবা একা ভ্রমণ করছেন—এমন কারণে তার পরিবারের অনুমতি চাওয়া বা বিদেশযাত্রায় বাধা দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমঅধিকার এবং নাগরিকের স্বাধীন চলাচলের নিশ্চয়তা দিয়েছে। ফলে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ ও ইমিগ্রেশন প্রক্রিয়ায় বৈষম্যমূলক আচরণ থাকা উচিত নয় বলে মনে করে সংগঠনটি।
পোশাকের বিষয়েও উদ্বেগ জানিয়ে ফোরাম বলেছে, পোশাক একজন ব্যক্তির ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার বিষয়। আইনি বা নিরাপত্তার সুনির্দিষ্ট কারণ ছাড়া পোশাকের ভিত্তিতে কোনো নারীকে কটাক্ষ, জিজ্ঞাসাবাদ বা অপদস্থ করার সুযোগ থাকা উচিত নয়।
বিবৃতিতে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মতোই স্বাধীনভাবে চলাফেরা, সিদ্ধান্ত গ্রহণ ও মতপ্রকাশের অধিকার রাখেন।
অগ্রযাত্রা নারী ফোরাম তাদের বিবৃতিতে পাঁচ দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈধ ভ্রমণ নথি থাকা কোনো প্রাপ্তবয়স্ক নারীকে শুধু নারী, অবিবাহিত বা একা ভ্রমণের কারণে বিদেশযাত্রায় বাধা না দেওয়া; নারী যাত্রীদের বৈবাহিক অবস্থা, পোশাক বা পারিবারিক অনুমতি নিয়ে অপ্রাসঙ্গিক ও অবমাননাকর প্রশ্ন করে হয়রানি বন্ধ করা।
এ ছাড়া নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের জন্য অভিন্ন আইন ও ইমিগ্রেশন মানদণ্ড প্রয়োগ, নারী যাত্রীদের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় বিমানবন্দর কর্মীদের জন্য জেন্ডার-সংবেদনশীল আচরণবিধি বাধ্যতামূলক করা এবং ইমিগ্রেশনে হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ও গোপনীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।
- বিষয় :
- বিদেশ ভ্রমণ