ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২১:১১
দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমিয়ে সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সমন্বিত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবা প্রদানে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণসংক্রান্ত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষের (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদনসহ সংশ্লিষ্ট সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সেবা পাওয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ধাপ, সময় ও জটিলতা কমানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক পরিবেশ তৈরি হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং সেবা প্রদান ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে হবে।
তিনি ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল ও সমন্বিত ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
বৈঠকে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা ব্যবস্থার উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
- বিষয় :
- ব্যবসা-বাণিজ্য
- বাণিজ্যমন্ত্রী