ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১১৩২

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১১৩২
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২১:৫৭

দেশে হামের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হতে এসেছে ১ হাজার ১৩২ জন। নমুনা পরীক্ষায় এ সময়ে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছে।

চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ১০১ জন। সব মিলিয়ে এ বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১১০ জন।

হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৪৫২ জন। এর পরেই রয়েছে সিলেট বিভাগ। সেখানে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ৭৭ জনকে। নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৫ জন ঢাকা বিভাগে। চট্টগ্রামে ২৪২, সিলেটে ১২০, বরিশালে ১১৬, খুলনায় ১০৩, ময়মনসিংহে ৭৮, রাজশাহীতে ৩১ এবং রংপুরে ২২ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯২ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন। এ পর্যন্ত ২১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষা করে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

তবে হাসপাতালে আসা সব রোগীর নমুনা পরীক্ষা করা হয় না। হাসপাতালের বাইরে থাকা উপসর্গযুক্ত রোগীদেরও সবাই পরীক্ষার আওতায় আসেন না। ফলে শুধু নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা দিয়ে দেশে হামের প্রকৃত বিস্তারের চিত্র পুরোপুরি পাওয়া যায় না।

আরও পড়ুন

×