ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সড়ক নিরাপত্তায় স্বতন্ত্র আইন চায় নিসচা

সড়ক নিরাপত্তায় স্বতন্ত্র আইন চায় নিসচা
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:২৯

| প্রিন্ট সংস্করণ

সড়ক নিরাপত্তাকে দীর্ঘমেয়াদি ও টেকসই কাঠামোয় আনতে স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, জাতীয় রোড সেফটি রোডম্যাপ এবং সমন্বিত রোড ক্র্যাশ ডেটা ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসজুড়ে সারাদেশে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে ১ হাজার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার মহাসচিব লিটন এরশাদ। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এম নাহিদ মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এম কাইয়ুম খান।

এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। মিরাজুল মইন জয় বলেন, ২২ অক্টোবর শুধু আনুষ্ঠানিক কোনো দিবস নয়; মানুষের জীবন রক্ষায় জাতীয় অঙ্গীকার আরও শক্তিশালী করার নতুন সূচনা। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, অনিরাপদ যানবাহন, মানসম্মত হেলমেট ও সিটবেল্টের ব্যবহার না করা, পথচারী নিরাপত্তার ঘাটতিসহ বিভিন্ন ঝুঁকি ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর আলোকে মোকাবিলা করতে হবে। এ জন্য স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে লিটন এরশাদ বলেন, ৩৩ বছরের আন্দোলন, জনমত সৃষ্টি ও আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে। এ স্বীকৃতির পেছনে দেশের মানুষের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সড়কে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাকে শুধু ‘দুর্ঘটনা’ হিসেবে না দেখে ‘রোড ক্র্যাশ’ হিসেবে বিশ্লেষণ করা প্রয়োজন। চালকের ভুলের পাশাপাশি সড়ক, যানবাহন ও ব্যবস্থাপনার ঝুঁকিও চিহ্নিত করতে হবে। এ জন্য ‘রোড সেফটি ম্যানেজমেন্ট’, ‘সেইফার রোডস অ্যান্ড মোবিলিটি’, ‘সেইফার ভেহিক্যালস’, ‘সেইফার রোড ইউজার্স’ এবং ‘পোস্ট-ক্র্যাশ রেসপন্স’কে সমন্বিত কাঠামোয় আনার দাবি জানিয়েছে নিসচা। দীর্ঘমেয়াদে ‘ভিশন জিরো’র দিকে এগিয়ে যাওয়ার কথাও বলা হয়।
২২ অক্টোবর কাকরাইল থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র‍্যালি, বনানী কবরস্থানে জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত ও দোয়া এবং বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রশিক্ষণ এবং ৩১ অক্টোবর সমাপনী সংবাদ সম্মেলন হবে। নিসচার ১২৩টি শাখা সংগঠনও সারাদেশে কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন

×