অক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:৩৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ১০:৩৪
| প্রিন্ট সংস্করণ
চলতি অক্টোবরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সময়ে মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে তিন থেকে চার দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে পুরো মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবর দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ এলাকায় প্রথম দুই দিন আকাশ মেঘলা থাকতে পারে। এ সময়ে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে স্বল্পস্থায়ী বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অন্যান্য এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হতে পারে। বেশির ভাগ বৃষ্টি দুপুর থেকে রাত ১২টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ১০ দিনে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘণ্টা রোদ থাকতে পারে। বৃষ্টিহীন সময়ে সারাদেশে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বৃষ্টিপ্রবণ এলাকায় বজ্রপাতের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ১১ থেকে ২০ অক্টোবর দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মেঘ বেশি থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। চট্টগ্রাম অঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। ১৪ অক্টোবরের মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। তবে ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১৭ অক্টোবরের পর গভীর সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে। ১৯ ও ২০ অক্টোবর দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও কিছুটা বাড়তে পারে।
নদনদীর বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।
এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এরই মধ্যে ভোরে কুয়াশা ও ঠান্ডার অনুভূতি দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ভোরে হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে এলাকা। শেষরাত থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসও অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, অগ্রহায়ণ বা পৌষ মাস আসার আগেই তেঁতুলিয়ায় কুয়াশা ও ঠান্ডার অনুভূতি শুরু হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
- বিষয় :
- ঘূর্ণিঝড়
- আবহাওয়া
- আবহাওয়ার পূর্বাভাস
- অক্টোবরে