ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার

মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার
×
×

স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১২:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা। আটক যাত্রীর নাম ইয়াং ডন সিউ (৪৩)। তিনি মালয়েশিয়ার নাগরিক।

কাস্টমস সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটে আসা ওই যাত্রীর ওপর নজরদারি করা হয়। বিমানবন্দরে নামার পর তিনি ব্যাগ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে থামানো হয়। পরে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার শার্টের নিচে লুকানো কালো কাপড়ের একটি বেল্ট থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মধ্যে ১ কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। সবগুলো স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, ওই যাত্রী কাস্টমস ব্যাগেজ নিয়ম অনুযায়ী স্বর্ণ থাকার বিষয়ে কোনো ঘোষণা দেননি। এছাড়া কাস্টমস আইন, ২০২৩ ও ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী স্বর্ণ বহনের পক্ষে কোনো বৈধ নথিপত্রও দেখাতে পারেননি। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় উদ্ধার করা স্বর্ণ সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই বিদেশি নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×